নাটোরে আমবাগান থেকে ঋণগ্রস্ত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
লাশ উদ্ধারের স্থানে বিষাক্ত কীটনাশকের গুড়া পড়েছিল বলে জানান স্থানীয়রা।
নাটোর সদর উপজেলার একটি আম বাগান থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাফুরিয়া ইউপির নজরপুর এলাকার সড়কের পাশের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান।
নিহত ৪০ বছর বয়সী জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
কাফুরিয়া ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, “জাহিদুলের অনেক ঋণ ছিল। পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে সে মানসিক অবসাদে ভুগছিল। এ কারণে বাড়িতেও অশান্তি চলছিল। সকালে স্থানীয় এক কৃষক জাহিদুলের মরদেহ বাগানে আম বাগানে পড়ে থাকতে পরিবার ও স্বজনদের খবর দেয়।
“মনে হচ্ছে ঋণের চাপ ও পারিবারিক কলহে ক্ষোভে, দুঃখে বাড়ির পাশের আম বাগানে গিয়ে গ্যাস ট্যাবলেট (বিষাক্ত কীটনাশক) খেয়ে মারা গেছে সে।“
জাহিদুলের স্ত্রী বলেন, “দুই সমিতিতে লাখ খানেক টাকা ঋণ আছি আমরা। রাতে ফোনে বলেছে- ‘আসতেছি’, তারপর আর আসেনি। কেন যে এই কাজ করল কিছু বুঝতেছি না।“
নজরপুর এলাকার বাসিন্দা আব্দুর রহীম ও গ্রাম-পুলিশের সদস্য জেহের আলী জানান, বুধবার রাত ৯টার দিকে বুড়ির বটতলার এক মুদি দোকানিকে ফোন দিয়ে ঋণ নিয়ে দুঃখের কথা জানিয়েছিলেন জাহিদুল।
নিহতের প্রতিবেশী কোহির উদ্দিন বলেন, “যেখানে থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে সেখানে গ্যাস ট্যাবলেটের গুড়া পড়েছিল। তবে, মোবাইল আর স্যান্ডেল পড়েছিল হাত দশেক দূরে।“
ওসি নাছিম আহমেদ বলেন, “ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।“
