বগুড়ায় যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় র্যাব-২ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে র্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান।
গ্রেপ্তার ৭২ বছর বয়সী নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা।
স্কোয়াড কমান্ডার র্যাব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নাজমুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। যুদ্ধকালীন সময় তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।
২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়।
তিনি আরও বলেন, রায় ঘোষণার পর থেকেই নাজমুল পলাতক ছিলেন। শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় তার আত্মগোপনের গোপন খবরে র্যাব- ১২ ও ২ এর যৌথ একটি টিমের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নজরুল বলেন, নাজমুলকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে।
