২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 02:39 PM

Updated : 09 Apr 2024, 02:47 PM

ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু দিয়ে টোল আদায় স্বাভাবিকের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৩ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।

“এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়; সেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। আর সেতুর পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়; টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।”

ঈদযাত্রায় যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদরের ঘারিন্দা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জট খুলতে শুরু করে।

বর্তমানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। বাসের পাশাপাশি পিকআপ ভ্যান, ট্রাক ও কভার্ডভ্যানে করে লোকজনকে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর সাজেদুর রহমান বলেন, “মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। গাড়ি কিছুটা ধীরে চলছে; তবে কোথাও থেমে নেই।”