১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যার চক্রান্তে ভারতের কথিত ভূমিকা ‘গুরুতর বিষয়’: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্র ও কানাডায় দু’টি হত্যার চক্রান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার বর্ণিত ভূমিকাকে ‘গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।

হত্যার চক্রান্তে ভারতের কথিত ভূমিকা ‘গুরুতর বিষয়’: হোয়াইট হাউজ
The flags of the United States and India are displayed on the Eisenhower Executive Office Building at the White House in Washington, US, Jun 21, 2023. REUTERS

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

যুক্তরাষ্ট্র ও কানাডায় দু’টি হত্যার চক্রান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার বর্ণিত ভূমিকাকে ‘গুরুতর বিষয়’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। 

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম সবচেয়ে সরব সমালোচক এক মার্কিন নাগরিককে হত্যার নস্যাৎ করা পরিকল্পনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা সরাসরি জড়িত। গত বছরের জুনে কানাডায় একজন শিখ আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায়ও ওই কর্মকর্তা জড়িত।  

এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “নয়া দিল্লি যখন বিষয়টি নিয়ে তদন্তরত তখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে গুরুতর বিষয়ে অসমর্থিত ও অপ্রমাণিত অভিযোগ করা হয়েছে।” 

এক বিবৃতিতে মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এতে যে অনুমানমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে সেগুলো কোনো কাজে আসবে না।” 

এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জন-পিয়ের সাংবাদিকদের বলেছেন, “এটি একটি গুরুতর বিষয় আর আমরা এটি খুব, খুব গুরুত্ব সঙ্গে নিয়েছি। আমরা আমাদের উদ্বেগ তুলে ধরতে থাকবো।” 

গত বছরের নভেম্বরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, শিখ বিচ্ছিন্নতাবাদী এবং যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বৈত নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের হত্যার চেষ্টার পরিকল্পনাটি পরিচালনা করেছিলেন ভারতের এক সরকারি কর্মকর্তা।   

মার্কিন এ বিবৃতির বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে ও এ চক্রান্তের সঙ্গে তারা কোনোভাবে জড়িত নয় বলে দাবি করে। তারা যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে বলে ঘোষণা দেয়। ১৮ নভেম্বর একটি তদন্ত প্যানেল গঠন করে ভারত জানায়, তদন্তে যা পাওয়া যাবে সেই অনুযায়ী ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে তারা। 

পান্নুন যুক্তরাষ্ট্রভিত্তিক গোষ্ঠী ‘শিখ ফর জাস্টিস’ এর জেনারেল কাউন্সেল। এই গোষ্ঠীটি চরমপন্থি তৎপরতার সঙ্গে যুক্ত অভিযোগ করে ২০১৯ সালে একে ‘বেআইনি সংঘ’ হিসেবে চিহ্নিত করে ভারত। এরপর তারা ২০২০ সালে পান্নুনকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। 

চীনের ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে উদ্বেগের মুখে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ও ভারত ঘনিষ্ঠ মিত্রতা গড়ে তোলার চেষ্টা করছে, তার মধ্যে এ ইস্যুটি উভয়ের মধ্যে একটি অস্বস্তি তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রে এই হত্যা চক্রান্তের সংবাদ হওয়ার দুই মাস আগে কানাডা জানায়, জুনে ভ্যাঙ্কুভারে শিখ বিচ্ছিন্নতাবাদী হারদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় সম্ভাব্য ভারতীয় এক গোয়েন্দার জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ খতিয়ে দেখছে তারা। 

ভারত তখন কানাডার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছিল।