২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাহেন্দ্র উল্টে গেল চালক ও সহকারীর প্রাণ

এতে দুই পথচারীও আহত হন বলে পুলিশ জানায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 10:42 AM

Updated : 10 Sep 2026, 12:04 PM

মাদারীপুরে মালামাল টানার কাজে ব্যবহৃত মাহেন্দ্র উল্টে চালক ও সহকারী নিহত হয়েছেন।  

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক এনামুল হোসেন (২৫) ও তার সহযোগী আরিফ শিকদার (১৭)।

এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার এবং আরিফ মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকারী আরিফকে সঙ্গে নিয়ে উপজেলার পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে মাহেন্দ্রটি নিয়ে বের হন এনামুল। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহকারী আরিফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন।