২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ‘৫ লাখ টাকা’ নিয়ে চম্পট

এ ঘটনায় টাকার মালিক থানায় মামলা করেছেন।

রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ‘৫ লাখ টাকা’ নিয়ে চম্পট

তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার হয়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 11:28 PM

Updated : 22 Dec 2022, 11:28 PM

রাজশাহীতে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে গ্রাহকের ‘৫ লাখ টাকা’ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর আলুপট্টিতে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান। 

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। 

এ ঘটনায় টাকার মালিক থানায় মামলা করেছেন। 

পুলিশ জানায়, ব্যাংক থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে। 

মামলার নথির বরাতে পুলিশ জানায়, সোনালী ব্যাংকের ওই শাখায় ৫ লাখ টাকা জামা দিতে যান নগরীর বালিয়াপুকুর শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আব্দুল গফুর। টাকার ব্যাগ পাশে রেখে একটি চেয়ারে বসে তিনি জমাবই পূরণ করছিলেন। 

এক ফাঁকে তার পাশ থেকে কৌশলে ব্যাগটি নিয়ে উধাও হয়ে যান সংঘবদ্ধ চক্রের এক সদস্য। 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি আব্দুল গফুরের পাশ থেকে টাকার ব্যাগ তুলে নিয়ে দ্রুত সটকে যান। বেশ কিছু সময় ধরে গ্রাহক সেজে ওই ব্যক্তি ব্যাংকে ঘুরাঘুরি করছিলেন। এ সময় তিনি মাস্ক পরা ছিলেন। 

ওসি মাজহারুল ইসলাম বলেন, মামলার পর পুলিশ আসামিকে ধরতে অভিযান শুরু করেছে।