২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১০ শ্রমিক

যশোরের এই উপকেন্দ্রটির নির্মাণকাজ কাজের ঠিকাদার ঢাকার আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১০ শ্রমিক

যশোরে এই বিদ্যুৎ উপকেন্দ্রটির নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় তা ধসে পড়ে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:22 PM

Updated : 22 Jun 2023, 06:22 PM

যশোরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ১০ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গায় কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

আহতরা হলেন- ঝিকরগাছার কায়েমকোলা গ্রামের তরিকুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৫০), চৌগাছার খোকন মোল্লা (৩৭), সদরের দত্তপাড়ার মমিনুল (২৭), আকিদুল (৩৫), শিমুল (২৮), মাহিদিয়ার আবদুল হাই (২৮), দিয়াপাড়ার ইলয়াস (৪৫), মনিরামপুরের পলাশী গ্রামের ইমান আলী (৫০) ও জিয়ারুল (৩৫)।

আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিদ্যুৎ উপকেন্দ্রের একটি ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ সেটি ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার পর ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলনার আওতায় যশোরের এই উপকেন্দ্রটির নির্মাণ কাজের ঠিকাদার ঢাকার আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন বলেন, “ডবল লেয়ারের ভবনটিতে বাঁশ দিয়ে শাটারিং দেওয়ায় সেটি ঢালাইয়ের ভার নিতে পারেনি; এ কারণে ধসে পড়েছে। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের ক্রটি রয়েছে।”

১০০ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিল বলে জানান শ্রমিক সরবরাহকারী ঠিকাদার শাহাবুদ্দিন। তিনি বলেন, কাজ শুরুর আগে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে বাঁশ দিয়ে শাটারিংয়ের দুর্বলতার কথা বলেছিলাম। জবাবে তিনি বলেন, তারা এমনভাবেই কাজ করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রুবাইয়াত জানান, ১০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে আরো কোনো শ্রমিক আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাহিদ মাহমুদ।

বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওজোপাডিকো যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন।