২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মীর লাশ, পুলিশের ধারণা ‘হত্যা’

নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 04:33 PM

Updated : 23 Oct 2026, 04:32 PM

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মণাধীন ভবনের টিনের ঘরের ভেতর থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত আলমগীর হোসেনের (৫২) গ্রামের বাড়ি নাটোর জেলার বগাতিপাড়া থানার শালকোনা গ্রামে। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন প্রামানিক। নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করা আলমগীর ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, “বসুন্ধরা আবাসিকের ৮/এ রোডের ব্লক-এমের একটি নির্মাণাধীন ভবনের নিচে টিনের ঘর থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“নিহত ব্যক্তি ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন, গত রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করছি। তার গলায় আঙুলের ছাপ, ডানপায়ের হাঁটুর নিচে ক্ষত, মাথার বাম পাশে আঘাত দেখা গেছে। তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।