২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে

সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, এক ঘণ্টায় ভোট দিয়েছেন ৮৪ জন ভোটার।

ভোটগ্রহণ চলছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে

সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা মেলেনি ভোটারের।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 10:48 AM

Updated : 05 Nov 2023, 10:48 AM

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ১৩২টি ভোটকেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন। তবে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সকাল ১০টায় সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোটারের উপস্থিতি অনেকটাই কম। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, এক ঘণ্টায় ভোট দিয়েছেন ৮৪ জন ভোটার।  

Image

কেন্দ্রের সামনে অলস সময় কাটাচ্ছেন নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ থেকে রয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. রাজ্জাক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক দু’ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শাহগীর আলম জানান- সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ৮০০ পুলিশ, ১৭০০ আনসার,  সাত প্লাটুন বিজিবি, র‌্যাবসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ১৭টি স্ট্রাইকিং ফোর্স। 

গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২।