মাদক মামলায় যাবজ্জীবন, ১৩ বছর পর আসামি গ্রেপ্তার
২০১০ সালে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় জাহিদের।
ঢাকার মাদক মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে বরিশালের পুলিশ।
বুধবার উজিরপুরে মডেল থানার এসআই মো. রাকিবুল ইসলাম জানান, র্যাব-৪ এর সহায়তায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।
দণ্ডিত জাহিদ হাসান ওই উপজেলার পাথুনিয়াকাঁঠি গ্রামের বাসিন্দা।
এসআই রাকিবুল ইসলাম বলেন, ২০১০ সালের ঢাকা রামপুরা থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।
রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন জাহিদ হাসান। পরে তার গ্রেপ্তারি পরোয়ানা আসে উজিরপুর থানায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতে র্যাব- ৪ এর সহায়তায় মানিকগঞ্জ থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
