সাদা পোশাকে অভিযানকালে পুলিশের ওপর হামলা, ২০ গুলি লুট
পুলিশের খোয়া যাওয়া ওয়্যারলেস সেট উদ্ধার করতে পারলেও ২০টি গুলি এখনও উদ্ধার করা যায়নি বলে জানায় পুলিশ।
চুরি হওয়া সোনা উদ্ধারে গাজীপুরের কালিয়াকৈরে সাদা পোশাকে অভিযানে এসে হামলার শিকার হয়েছে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের একটি দল।
এসময় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশের তিনটি ওয়্যারলেস সেট ও ২০টি গুলি লুট করে দুর্বৃত্তরা। পরে ওয়্যারলেস সেট তিনটি উদ্ধার করে পুলিশ।
বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান।
আহতরা হলেন- পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন, এসআই গোপাল চন্দ্র, এএসআই এনায়েত হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদ, মামলার বাদী রনি দাস ও তার স্বজন প্রদীপ দাস।
ওসি আকবর বলেন, “এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের মধ্যে থেকে নয়জনকে আটক করা হয়েছে।
“পুলিশের খোয়া যাওয়া ওয়্যারলেস সেটগুলো উদ্ধার করা গেলেও ২০টি গুলি এখনও উদ্ধার করা যায়নি। খোয়া যাওয়া গুলি উদ্ধারের চেষ্টা চলছে।”
পীরগঞ্জ থানা পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর থানার প্রধান সড়ক সংলগ্ন সুকান্ত কর্মকারের সরকার জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। একটি সংঘবদ্ধ চোর ওই দোকানে তালা ভেঙে পিক আপে করে স্বর্ণালংকার ভর্তি সিন্দুকসহ অন্যান্য মালামাল লুট করে।
এ ঘটনায় দোকান মালিক পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে সোনা উদ্ধার ও চোর দলকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ খবর পায় লুট করা মালামাল কালিয়াকৈর উপজেলায় রয়েছে।
এরপর সাদা পোশাকে পীরগঞ্জ থানার পরিদর্শকের নেতৃত্বে একটি দল বুধবার সন্ধ্যায় চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চুরির কাজে ব্যবহৃত পিক আপ চালক কাদের ওরফে ধুক্কাকে আটক করে। এ অভিযানে পীরগঞ্জের দলকে সহায়তা করে কালিয়াকৈর থানা পুলিশ।
পরে চালকের দেওয়া তথ্য মতে, স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী লিটন হোসেনকে আটক করে তার সোনার দোকান থেকে ১৬ ভরি সোনা ও ৯০ ভরি রূপা উদ্ধার করে। এরপর সেগুলো নিয়ে থানায় আসার সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের চ্যালেঞ্জ করে পরিচয় জানতে চান।
এসময় পুলিশ সদস্যরা তাদের পরিচয় দেওয়ার পরও আটক চালক ধুক্কা, লিটন লুট করা মালামাল নিয়ে যেতে বাধা দিলে তারাসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। দুবৃর্ত্তরা পুলিশকে ও মাইক্রোবাস ভাঙচুর করে। তারা পুলিশের গাড়িতে থাকা ২০টি গুলি ও তিনটি ওয়্যারলেস সেট লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি আকবর বলেন, পীরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালাতে গেলে স্থানীয় কয়েকজন এলাকাবাসীকে উসকে দিয়ে তাদের ওপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
