২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ভারি বৃষ্টিপাতে ব্যাহত জনজীবন

আগামী ৪৮ ঘণ্টায় এ অবস্থা অব্যাহত থাকবে বলে জানায় পটুয়াখালী আবহাওয়া অফিস।

পটুয়াখালীতে ভারি বৃষ্টিপাতে ব্যাহত জনজীবন

ভারি বৃষ্টিতে জীবনের তাগিদে রাস্তায় নেমেছেন এক অটোরিকশা চালক।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 09:44 PM

Updated : 07 Aug 2023, 09:44 PM

ভারি বৃষ্টির সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়ায় পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে; শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। 

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোসা. মাহবুবা সুখী। 

এ ছাড়া কলাপাড়া উপজেলার খেপুপাড়া ডপলার রাডার স্টেশনে গত ২৪ ঘণ্টার ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান ওই স্টেশনের কর্মকর্তা মো. বেলাল। 

আবহাওয়ার বিশেষ বুলেটিনের তথ্য মতে, সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতেও বলা হয়েছে।

পটুয়াখালী পৌর শহরের ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. জামাল হোসেন বলেন, “গত তিন দিনের টানা বৃষ্টিতে রিকশা চালাতে পারিনি। জীবনের তাগিদে সকালে রিকশা নিয়ে রাস্তায় নেমেছি। সড়কে মানুষজন কম তাই আয়ও কম হচ্ছে।” 

নিউমার্কেটের মুদি দোকানি আবুল কালাম বলেন, “কয়েকদিন যাবত বৃষ্টিতে বেচা-বিক্রি অনেক কমে গেছে। বৃষ্টিতে ভিজে মানুষ বাজারেও আসতে চান না।”

জুবিলি স্কুল সড়কের বাসিন্দা মতিউল ইসলাম বলেন, “টানা বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। যদিও ভাটির সময় নেমে যায়। মুষলধারে বৃষ্টিতে বাইরে বের হওয়া মুশকিল।” 

শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিলেও নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। 

খেপুপাড়া ডপলার রাডার স্টেশনের কর্মকর্তা মো. বেলাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলাপাড়া উপজেলা ও এর আশপাশে ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।” 

পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোসা. মাহবুবা সুখী বলেন, “গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ু প্রভাবে গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) পটুয়াখালী শহর ও এর আশপাশে ৭৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।” 

তিনি বলেন, “আগামী ৪৮ ঘণ্টায় এ অবস্থা অব্যাহত থাকবে। এ ছাড়াও গত তিন দিনে ১৭৩ দশমিক ২ মিলিমিটার ও গত ছয় দিনে ২৯৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।“