২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

ভাড়া না বাড়লেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

টঙ্গী-গাজীপুর পথে চলমান রেলপথের ডাবল লেইনের কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 05:42 PM

Updated : 09 Aug 2022, 05:42 PM

জ্বালানির দাম বৃদ্ধির পর ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে টঙ্গী-গাজীপুর পথে চলমান রেলপথের ডাবল লেইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেললাইনটি চালু হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, নৌপথ ও সড়কপথের ভাড়া সমন্বয় করা হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে শনিবার সড়কপথে দূর পাল্লায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে আগের ১ টাকা ৮০ থেকে ২২ শতাংশ বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে।

পুরনো খবর:

বাসের ভাড়া বাড়ল ১৬-২২%
লঞ্চ ভাড়া বাড়বে কত, ঠিক করবে কমিটি

তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৬ শতাংশ বাড়িয়ে নতুন ভাড়া করা হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগে ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৩৫ পয়সা।

আর লঞ্চের ভাড়া বেড়ে কত হবে, তা নির্ধারণে সোমবার একটি ওয়ার্কিং কমিটি করে দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

রেলমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেইন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন ও এনডিসি মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রকল্পের পরিচালক বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ চার লেইনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে। ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত লেইনটি চালু হবে।

ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ.কন কল্পতরু প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।