চুরির অপবাদ দিয়ে যুবককে নির্যাতন, ‘অভিমানে’ আত্মহত্যা
নিহতের স্ত্রী বলেন, “মোটরসাইকেলটি রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিল আমার স্বামী। সে মোটরসাইকেল চালাতেও পারে না।”
লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল চুরির অপবাদ নিয়ে নির্যাতনের শিকার এক যুবক অভিমানে আত্মহত্যা করেছেন।
রোববার দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূর আলম (২৫) ওই এলাকার প্রয়াত নওশের আলীর ছেলে। তিনি পেশায় নরসুন্দর ছিলেন।
এ ঘটনার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার পরিবার।
অভিযোগ ও স্থানীয়দের বরাতে পুলিশ জানান, উপজেলার কাকিনা বাজারে সেলুনের কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে দুল্লার বাজার এলাকায় রাস্তার পাশে একটি মোটরসাইকেল থাকতে দেখেন নুর আলম। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে কাউকে না পেয়ে মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে আসেন নূর আলম।
রোববার সকালে মালিক আসাদুল তার মোটরসাইকেলটি নিয়ে যেতে এসে দুল্লার বাজার ক্লিনিকের সামনে নূর আলমকে এলোপাতাড়ি মারধর করেন।
পরে নূর আলম অভিমানে বাজার থেকে বিষ কিনে বাড়িতে এসে সবার অজান্তে পান করে আত্মহত্যা করেন।
নিহতের স্ত্রী তহমিনা বেগম বলেন, “মোটরসাইকেলটি রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিল আমার স্বামী। সে মোটরসাইকেল চালাতেও পারে না। আজ সকালে তাকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে চুরির অপবাদে মারধর করা হয়। এতে সে আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, “স্থানীয়দের কাছে বিষয়টি শোনার পর পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে।”
