টাঙ্গাইলে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছরের সাজা
র্যাব অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, রিভলভার এবং ছয়টি গুলি উদ্ধার করে বলে জানান পিপি।
টাঙ্গাইলে অস্ত্র বহনের দায়ে দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান।
দণ্ডিতরা হলেন- টাঙ্গাইল সদরের পূর্ব আদালত পাড়ার মন্টু মিয়া এবং আশেকপুর এলাকার আবুল খায়ের। এ মামলার আসামি আবুল খায়ের পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে পিপি আকবর খান বলেন, ২০১২ সালের ১৫ এপ্রিল র্যাব-১২ অভিযান চালিয়ে পূর্ব আদালত পাড়ার ইমান আলীর বাড়ি থেকে মন্টু মিয়া ও আবুল খায়েরকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, রিভলভার এবং ছয়টি গুলি উদ্ধার করা হয়।
ওই দিনই র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানির উপ-সহকারী পরিচালক শিবনাথ বিশ্বাস বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
তদন্ত শেষে সদর থানার এসআই উজ্জল কান্তি সরকার দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আসামিদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
