সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পুলিশ জানায়, সেপটিক ট্যাংকের ভেতর থেকে পাইপ দিয়ে মেশিনের মাধ্যমে বালু তুলছিলেন মিজান।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, মঙ্গলবার দুপুরে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান হোসেন আকন্দ (২৫) উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা বেত্রাশিন গ্রামের মুকুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক নুরে আলম বলেন, মিজান ওই এলাকার সাব্বির হোসেনের নির্মাণাধীন ভবনের পাশের একটি বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে পাইপ দিয়ে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন।
“একপর্যায়ে সে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
