২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভবনে ওঠার স্বপ্ন কেড়ে নিয়েছে সিত্রাং

রাত ১০টার দিকে প্রচণ্ড ঝড়ে কড়ই গাছ ঘরের ওপর পড়ে; এতে চাপা পড়েন এক খাটে ঘুমন্ত তিনজন।

নতুন ভবনে ওঠার স্বপ্ন কেড়ে নিয়েছে সিত্রাং

ঘুমন্ত অবস্থায় গাছচাপায় নিহত হন এক পরিবারের তিনজন।

আবদুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 12:31 AM

Updated : 26 Oct 2022, 12:31 AM

কুমিল্লার নাঙ্গলকোটের নিজাম উদ্দিনের স্বপ্ন ছিল আগামী শুক্রবার দোয়া ও মিলাদের পর নতুন বাড়িতে উঠবেন বাবা-মা আর স্ত্রী-সন্তানদের নিয়ে।

বছর পাঁচেক আগে মালয়েশিয়া গিয়েছিলেন নিজাম; প্রায় এক মাস আগে ছুটিতে আসেন। নতুন ঘরের কাজ চলায় স্ত্রী-সন্তানসহ থাকছিলেন পুরোনো বাড়ির একটি টিনের ঘরে।

নিজামের নতুন বিল্ডিংয়ে ওঠার স্বপ্ন আর পূরণ হয়নি। 

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড ঝড়ে তাদের টিনের ঘরের ওপর বিশাল একটি কড়ই গাছ উপড়ে পড়ে। ঘটনার সময় মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছিলেন নিজাম। গাছচাপায় ঘুমন্ত অবস্থায় চার বছরের শিশু আর স্ত্রীসহ প্রাণ যায় তার।

সিত্রাংয়ের তাণ্ডব চলাকালে সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের খামার পাড়া হাজী বাড়িতে।

Image

কয়েকদিন পর নতুন ভবনে ওঠার কথা ছিল নিজাম উদ্দিনের

প্রবাসী নিজাম উদ্দিন (৩৩) ওই বাড়ির আবদুর রশীদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট নিজাম। তার সঙ্গে নিহত হয়েছেন স্ত্রী তাহমিনা আক্তার সাথী (২৮) ও চার বছরের মেয়ে নুরজাহান আক্তার নিহা।

মঙ্গলবার বাদ জোহর স্থানীয় হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে তাদের জানাজা হয়। পরে পারিবারিক করবস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

সকাল থেকেই নিহতদের শেষ বিদায় জানাতে বাড়িতে ভিড় করতে শুরু করেন স্বজনরা। এ সময় স্বজনদের বিলাপে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা নিজামের বাবা-মাসহ স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন; কিন্তু নিজেরাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নিজাম, তার স্ত্রী সাথী ও মেয়ে নিহা। রাত ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ে কড়ই গাছ উপড়ে পড়ে তাদের ঘরের ওপর। এতে চাপা পড়েন এক খাটে ঘুমন্ত তিনজনই।

স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে গাছটি কেটে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। তিনজনের দাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাদের পরিবারের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।

নিজামের ভাতিজা আবদুর রহমান বলেন, তার চাচা মাত্র একমাস আগে দেশে ফিরেছেন। বেশ কয়েক বছর বিদেশে থাকলেও আর্থিক সমস্যা আর তার বাবার অসুস্থতার কারণে বিল্ডিং করতে পারেননি। এবার পাকা ঘরের কাজ ধরেছিলেন। মাত্র সাত দিন পর কাজ শেষ হয়ে যেত।

“আর চার দিনের মধ্যে ভেতরের একটা রুমে ওঠার কথা ছিল তাদের। তাই রুমও ঠিক করেছেন। নতুন ঘরে ওঠার সব প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু সোমবার রাতের ওই ঝড়ে সব শেষ হয়ে গেছে।”

তিনি জানান, যে টিনের ঘরে নিজামসহ তার স্ত্রী-সন্তানের প্রাণ গেছে, সেই ঘরটি ছিল তিন কক্ষের। ওই একই ঘরের আরেকটি কক্ষে ছিলেন নিজামের ভাতিজি কুলসুম আক্তার।

কুলসুম বলেন, “সোমবার রাতে ঝড় কিছুটা কমলে এসে দেখি কড়ই গাছটি উপড়ে চাচার কক্ষের উপর পড়েছে। ডাকা-ডাকি করেও তাদের কোনো সাড়া পাইনি। পরে টিনের ফাঁক দিয়ে দেখি তিনজনের বুকের উপর গাছটি চাপা দিয়ে আছে। এরপর আমি চিৎকার করলে সবাই ছুটে আসে।”

নিজামের মা খুরশিদা বেগম ছেলের জন্য বিলাপ করতে করতে বারবার মুর্ছা যাচ্ছেন।

তিনি বলেন, “আমার ছেলে নতুন বাড়ি বিল্ডিং করেছে। বলেছিল- ‘মা-বাবা তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে।’ কত স্বপ্ন ছিল আমার ছেলেটার। ঘূর্ণিঝড়ের ছোবলে সব কিছু শেষ হয়ে গেল নিমিষেই।”

স্থানীয় হেসাখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত নিজাম প্রবাসে গিয়ে উপার্জন করা কষ্টের টাকায় ২ হাজার ২০০ বর্গফুটের একটি বিল্ডিং নির্মাণ করেছিলেন। আগামী শুক্রবার ওই ঘরে তাদের ওঠার কথা ছিল।