দিনাজপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
একজনকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনের মৃত্যু হয়
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের তালতলা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান।
নিহতরা হলেন- নির্মাণশ্রমিক আফতাব (৪৫) এবং ভ্যানচালক মাবুদ (৩৫) ও সহিদুল (৩৮)।
ওসি জানান, তালতলা পাড়ায় এক প্রবাসীর বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করা হচ্ছিল। কিছুদিন আগে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজ হয়। সকালে শ্রমিকরা সেই সাটারিং খুলতে যায়।
নির্মাণশ্রমিক আফতাব ট্যাংকির ভেতর নেমে সাটারিং খুলছিলেন। আর অন্য দুজন কাঠগুলো ভ্যানে নিয়ে রাখছিলেন। হঠাৎ আফতাব সেখানে অসুস্থ হয়ে পড়েন। তখন মাবুদ ও সহিদুল তাকে তুলতে নিচে নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন।
এ সময় সেখানে থাকা একজন নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অসুস্থ অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হয়। তখন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
