মির্জা আজমকে নিয়ে ফেইসবুক পোস্টের ব্যাখ্যা না দেওয়ায় পদ হারালেন পপি
পপির দাবি, তাকে ‘অফিসিয়ালি’ কোনো পত্র দেওয়া হয়নি। জেলার সাধারণ সম্পাদক হোয়াটসঅ্যাপে যে চিঠি তাকে পাঠিয়েছেন সেটির জবাব তিনি গত ১ ডিসেম্বর সেখানেই দিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপিকে জামালপুর জেলা কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার পরিবারকে নিয়ে ফেইসবুকে পোস্টের ব্যাখ্যা না দেওয়ায় পপিকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিজন কুমার স্বাক্ষরিত অব্যাহতিপত্রটি রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পত্রটি ১৩ ডিসেম্বরের।
পপির দাবি, তাকে ‘অফিসিয়ালি’ কোনো পত্র দেওয়া হয়নি। জেলার সাধারণ সম্পাদক হোয়াটসঅ্যাপে যে চিঠি তাকে পাঠিয়েছেন সেটির জবাব তিনি ১ ডিসেম্বর সেখানেই দিয়েছেন। ওইদিন রাত সাড়ে ১১টার পর বিজন কুমার তা দেখেছেন।
এদিকে, রোববার রাতে ফেইসবুকে স্থানীয় এক সাংবাদিকের আইডি থেকে পোস্ট করা পত্রটি দেখে বিজন কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এটি তার স্বাক্ষরিত চিঠি, যেটি মারুফা আক্তার পপির অব্যাহতিপত্র।
পত্রে বলা হয়, “আপনি (মারুফা আক্তার পপি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিগত ২০ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা তার পছন্দের প্রার্থী মো. আবুল কালাম আজাদকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির মাধ্যমে ওই আসনের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের জন্য পাঠান।”
“ওইদিন সকাল ১০টায় স্থানীয় মির্জা আজম অডিটরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলার এক পর্যায়ে আপনি অডিটরিয়ামে প্রবেশ করে মঞ্চের সামনে কর্মীদের সারিতে বসেন। বার বার মঞ্চে এসে বসার অনুরোধ করা হলেও কর্মীদের সারিতেই বসে থাকেন। পরে সবার পীড়াপীড়িতে মঞ্চে এসে মির্জা আজমের পাশের চেয়ারে বসেন।
ওই সভায় জেলা পর্যায়ের নেতারাও ছিলেন। তাদের বক্তব্য চলাকালে হঠাৎ আপনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলার সুযোগ চান। আপনার এমন আচরণে মঞ্চে উপস্থিত নেতারা হতবাক হন। এ সময় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আপনাকে নিবৃত্ত করতে চেয়ারে বসতে বলেন; তারপরও আপনি নিবৃত্ত হননি।”
চিঠিতে আরও বলা হয়, “একপর্যায়ে মির্জা আজম তার ছোটবোন বিবেচনায় একটু উচ্চস্বরে আপনাকে বসতে বলেন। তখন আপনি স্লোগান দিয়ে সভাস্থল ত্যাগ করেন।
“পরে আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মির্জা আজমের বাবা ও তার পরিবার নিয়ে অসত্য, কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য ছড়িয়ে দেন। এতে জামালপুরের আওয়ামী লীগ পরিবারে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়”, বলা হয় চিঠিতে।
২৩ নভেম্বর মারুফা আক্তার পপি তার নিজের ফেইসবুক আইডি থেকে মির্জা আজম ও তার পরিবার নিয়ে একটি লেখা পোস্ট করেন।
এর জেরে তাকে অব্যাহতি দেওয়া পত্রে বলা হয়, “জামালপুর জেলা আওয়ামী লীগ সার্বিক বিষয় বিবেচনা করে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভা ডাকে।
“সভায় আপনার এমন আচরণ এবং অসত্য, অশালীন বক্তব্যের জন্য নিন্দা প্রস্তাব এবং সাত কার্যদিবস সময় দিয়ে আপনার কাছ থেকে এর ব্যাখ্যা চাওয়া হয়।
“ব্যাখ্যা সন্তোষজনক না হলে আপনাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আপনি চিঠির কোনো জবাব না দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
চিঠিতে বলা হয়, “তাই আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিধান মতে, আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।”
এ ব্যাপারে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ নভেম্বর দেওয়া পত্রের তিনি কোনো ব্যাখ্যা প্রদান করেননি। তাই জেলা আওয়ামী লীগ থেকে পাঠানো দ্বিতীয় পত্রে মারুফা আক্তার পপিকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মারুফা আক্তার পপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামালপুর জেলা আওয়ামী লীগ আমাকে অফিসিয়ালি কোনো চিঠি পাঠায়নি। আমাকে কারণ দর্শানোর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেখেছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ হোয়াটসঅ্যাপে আমাকে একটি চিঠি পাঠিয়েছেন।
“আমি নির্ধারিত সময়ের মধ্যে ১ ডিসেম্বর ওই চিঠির জবাব তার (বিজন কুমার চন্দ) হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। ওইদিন রাত সাড়ে ১১টার পর তিনি আমার পাঠানো জবাব হোয়াটসঅ্যাপে দেখেছেন। এ বিষয় নিয়ে দলের নির্বাহী কমিটির পরবর্তী সভায় আমি কথা বলব।”
