গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায়।
এসআই কার্তিক জানান, পূবাইল রেলগেট এলাকায় অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
“আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন রেল পুলিশের এই কর্মকর্তা।
