২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৪ দিনেও মেলেনি কীটনাশক ব্যবসায়ীর খোঁজ

সুজানগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বলেন, শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা রাখছি। 

পাবনায় ৪ দিনেও মেলেনি কীটনাশক ব্যবসায়ীর খোঁজ

রবিউল আলম

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 07:50 PM

Updated : 24 Jun 2023, 07:50 PM

নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও কোনো হদিস মেলেনি পাবনার সুজানগরের কীটনাশক ব্যবসায়ী রবিউল আলমের। 

গত মঙ্গলবার দুপুরে সুজানগর থেকে পাবনা গাছপাড়াস্থ সিনজেনটার আঞ্চলিক অফিসে যাওয়ার পথে নগদ ৭ লাখ টাকাসহ তিনি নিখোঁজ হন। 

রবিউল (৬৫) সুজানগর বনকোলা দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ দারোগার ছেলে। তিনি বনকোলার মধ্যপাড়া নতুন বাজারে প্রায় ১০ বছর ধরে কীটনাশকের ব্যবসা করেন। পাশাপাশি সিনজেনটা নামে একটি কোম্পানির কীটনাশক রিটেইলার; তার দোকানের নাম অন্তু ট্রেডার্স। 

নিখোঁজের একদিন পর গত বুধবার রবিউলের স্ত্রী মোছা. রাশিদা খাতুন রিতা সুজানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওই থানার ওসি জালাল উদ্দিন।

স্বজনদের দাবি, নগদ টাকার জন্য রবিউল আলমকে অপহরণ করা হয়েছে। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও তিনি উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। 

রাশিদা খাতুন বলেন, “গত মঙ্গলবার দুপুরের খাবার বাড়ি থেকে বের হন আমার স্বামী। যাওয়ার সময় তিনি বাড়ি থেকে ৭ লাখ টাকা নিয়ে যান দোকান হয়ে পাবনার গাছপাড়াস্থ সিনজেনটা কোম্পানির আঞ্চলিক অফিসে পাওনা টাকা দিবে বলে।

“এরপর বিকাল ৩টা ২৯ মিনিটে ফোনে তার সঙ্গে সবশেষ কথা হয়। তখন তিনি গাড়িতে ছিলেন। খুব জোরে গাড়িটি চলছিল বলে মনে হচ্ছিল। সিনজেনটা অফিসের কাছাকাছি আছেন বলে জানান তিনি; তবে সঠিক জায়গার নাম বলেননি। এরপর ৫টা ১৬ মিনিটে তাকে আবার কল করলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। সময় নিয়ে কয়েক দফা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না।”

রবিউলের স্ত্রী আরও জানান, কোনোভাবেই যখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন গাছপাড়াস্থ সিনজেনটা কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেন তারা। সেখান থেকে জানানো হয়, বিকাল ৩টা ৩৮ মিনিটে তাদের সঙ্গে কথা হয়েছিল। তারপর থেকে তারাও ফোনে রবিউলকে পায়নি।

সিনজেনটা আঞ্চলিক কার্যালয়ের মার্কেট ডেভেলপার (সুজানগর এরিয়া) তৌফিক হোসেন বলেন, “উনি (রবিউল আলম) আমাদের রিটেইলার। উনার কাছে টাকা পাবে কোম্পানি।

“ওইদিন আমাদের হালখাতা ছিল। রবিউল সেখানেই আসছিলেন। যখন উনার সঙ্গে কথা হয়, তখন উনি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। প্রচুর বাতাসের শব্দে সব বোঝা না গেলেও উনি জানান, অল্পকিছু সময় লাগবে পৌঁছতে। এরপর উনার আসতে বেশি দেরি দেখে ৪টা ৪৫ মিনিটে তার নম্বরে কল দিই। একবার কল ঢোকার পর ফোনটি বন্ধ পাই। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তারা।”

সেদিন থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রবিউলের স্বজনরা।

কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী রাশিদা বলেন, “আমার টাকা পয়সা কিচ্ছু চাই না; স্বামীকে চাই। কোথায় সেই টাকা, কে এগুলোর সাথে জড়িত- এগুলো কিচ্ছু জানার দরকার নাই আমার। আমি শুধু জীবিত স্বামীকে ফেরত চাই। আজ চারদিন হয়ে গেল তার কোনো খোঁজ নাই। একেকজন একেক রকম কথা বলে। কেউ এসে খবর দেয়, আমার স্বামীর লাশ পাওয়া গেছে, লাশ চেনা যাচ্ছে না। আবার কেউ এসে বলেন, অমুক রাস্তায় নাকি দেখা গিয়েছিল সেদিন, অমুক দিক গেছে। কিন্তু কেউ সঠিক কোনো খোঁজ দিতে পারছেন না।” 

তিনি আরও বলেন, “পুলিশও কিচ্ছু বলতে পারছে না। তাহলে কি আমার স্বামী একেবারেই হারিয়ে যাবে? তার কোনো শত্রু ছিল না। জীবনে কারো সঙ্গে একটু জোরেও কথা বলেন নাই। অথচ তাকে আজ চারদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই টাকার জন্যই হয়তো অপহরণকারীরা তাকে গুম করে দিয়েছে। সব টাকা দিয়ে দেব, আমার এসবের দরকার নাই। শুধু আমার স্বামীকে ফেরত চাই।” 

রবিউল আলমের ছোটভাই তারিকুল আলম বলেন, “আমাদের সাত ভাইয়ের মধ্যে উনি সবার বড়। আমরা ছয় ভাই-ই ঢাকায় থাকি; উনি একাই শুধু সুজানগরে থাকেন। তার নিখোঁজের খবর পেয়ে ছুটে এসেছি। আমরা ঘন ঘনই পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু এ পর্যন্ত কোনো হদিস পাইনি। এমনকি কোনো ধরনের উৎসও পাওয়া যায়নি। পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন। আমরা সেই আশাতেই বুক বেঁধে আছি। আমরা দ্রুতই আমার ভাইকে ফিরে পেতে চাই।” 

এ বিষয়ে সুজানগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল আলম বলেন, পুলিশ কোনো কাজেই অবহেলা করে না। সিসিটিভি ফুটেজ, স্থানীয় যানবাহন ও রুটগুলোতে সর্বোচ্চ পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা রাখছি। 

আরও পড়ুন: 

পুরনো খবর:

পাবনায় ‘৭ লাখ টাকাসহ নিখোঁজ’ ব্যবসায়ী