২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শেয়ালের মাংস বিক্রির চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউএনও বলেন, দুজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২৪ ধারায় এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুরে শেয়ালের মাংস বিক্রির চেষ্টা, দুজনের কারাদণ্ড

চাঁদপুরে শেয়ালের মাংস বিক্রির আগে দুজনকে আটক করা হয়। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 12:07 AM

Updated : 10 Jul 2023, 12:07 AM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শেয়াল জবাই করে বিক্রির চেষ্টার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা দুজনকে এক মাস করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামের মো. রাকিব হোসেন (৪৫) এবং মো. মজিবুর রহমান মিজি (৪৫)।

ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, শনিবার রাতে সকদিরামপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে শেয়াল আটকের পর জবাই করা হয়। সেই মাংস বিক্রির চেষ্টার খবর পায় পুলিশ। তখন এসআই সুমন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে যায়।

তারা শেয়ালের মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে দেয়। এ সময় উপজেলা প্রশাসনের নির্দেশে দুইজনকে আটক করা হয়।

ইউএনও তাসলিমুন নেছা বলেন, দুজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২৪ ধারায় এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।