Published : 16 Oct 2023, 10:07 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমনা পাল এ আদেশ দেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায়।
কারাগারে যাওয়া কে এম রোকন-উজ-জামান সুইট ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।
এর আগে রোববার রাতে বিদ্যালয়ে ঢুকে নিজ কক্ষের তালা ভেঙ্গে জিনিসপত্র বের করার সময় তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।
মামলার বরাতে ওসি কাঞ্চন কুমার বলেন, “শনিবার বিকালে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন সুইট। এ ঘটনার বিচার চেয়ে পরদিন দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের কাছে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।”
পরে এ ঘটনায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান সুইট। রোববার রাত সাড়ে ৯টার দিকে সুইট বিদ্যালয়ের ভেতরে ঢুকে নিজ কক্ষের তালা ভেঙে মালপত্র বের করার সময় নৈশপ্রহরী ইউসুফ আলী থানায় খবর দেন। পরে তাকে আটক করে পুলিশ।
দুপুরে সুইটকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি কাঞ্চন কুমার।