২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘হোতাসহ ৪ ডাকাত’ গ্রেপ্তার, ‘অস্ত্র-পিকআপ জব্দ

বড় অঙ্কের নগদ টাকা নিয়ে ব্যক্তিগত গাড়িতে যাতায়াতকারীরা ডাকাত দলের মূল লক্ষ্য বলে ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাতে জানায় র‌্যাব।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘হোতাসহ ৪ ডাকাত’ গ্রেপ্তার, ‘অস্ত্র-পিকআপ জব্দ

র‌্যাবের হাতে গ্রেপ্তাররা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 07:10 PM

Updated : 25 Oct 2023, 07:10 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হোতাসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ডাকাতির মালামাল উদ্ধার ও আগ্নেয়াস্ত্রসহ একটি পিকআপ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব জানান র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন খিল মুরারী গ্রামের মো. হক (২৩), একই থানাধীন হিঙ্গুলী গ্রামের সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জ জেলার চরপাড়া এলাকার চাঁন মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার আকতাপাড়া এলাকার সিজিল মিয়া ওরফে সোহাগ (৩০)।

র‌্যাব জানায়, শনিবার ভোরে র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের বারইয়ারহাট এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। সন্দেহভাজন একটি পিকআপ চৌকির কাছে এলে থামানোর সংকেত দেয় র‌্যাব। পিকআপটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‍্যাব ধাওয়া দিয়ে পিকআপটি আটকে তল্লাশি চালায়।

পিকআপে চার ডাকাত ছিল দাবি করে র‌্যাব আরও জানায়, ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি গাড়ি থেকে একটি পাইপগান, একটি গুলি, চাপাতি, ধামা, তালা কাটার মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও অটোরিকশার লুট করা ৩৪টি ব্যাটারিসহ মালামাল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে ওই মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তাররা স্বীকার করেছে।

যারা বড় অঙ্কের নগদ টাকা নিয়ে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন তারা ডাকাত দলের মূল লক্ষ্য বলে ডাকাতদের জিজ্ঞাসাবাদের বরাতে জানায় র‌্যাব।

পাশাপাশি মহাসড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে ব্যাটারি ও যন্ত্রাংশ ডাকাতির সঙ্গে জড়িত।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। এর মধ্যে ডাকাত দলের হোতা হকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এবং সীতাকুণ্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ মোট ২০টি মামলা আছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে মামলা হওয়ার পর মহাসড়কের জোরারগঞ্জ থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]