২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে দোকান কর্মচারীকে পুড়িয়ে হত্যাচেষ্টা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

বিনামূল্যে মদ না পেয়ে একটি দেশি মদের দোকানের কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নরসিংদীতে দোকান কর্মচারীকে পুড়িয়ে হত্যাচেষ্টা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার নরসিংদী শহরের আবাসিক হোটেল নিরালার মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:56 PM

Updated : 24 Sep 2026, 05:56 PM

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় একটি দোকানের কর্মচারীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করে বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানিয়েছেন বৃহস্পতিবার।

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকার (৬০) শহরের আবাসিক হোটেল নিরালার মালিক।

এদিন বিকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, মঙ্গলবার কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আসামি জাহিদ সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশি মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দেন জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন।

এতে কাউন্টারের ভেতরে থাকা কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০) দগ্ধ হন। পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন আছেন রাব্বি।

এ ঘটনায় রোববার নরসিংদী সদর মডেল থানায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় দু্ই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন রাব্বির মা মিনু বেগম।

পুরানো খবর:

নরসিংদীতে মদ না দেওয়ায় দোকানকর্মীকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে কর্মচারীকে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন