নরসিংদীতে মদ না দেওয়ায় দোকানকর্মীকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ
১০ লিটার মদ চেয়েছিলেন বিনামূল্যে, না পেয়ে কয়েকজন দোকানে গিয়ে কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন দেন বলে অভিযোগ।
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় একটি দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় দুজনের নাম দিয়ে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
রোববার দগ্ধ তানভীর হোসেন রাব্বির (৩১) বাবা মনির হোসেন নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন বলে জানান থানার ওসি এ আর এম আল মামুন।
এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশি মদের দোকানে এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন- শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা ও আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬৫) এবং তার ছেলে জাহিদ সরকার (২৬)। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
দগ্ধ রাব্বি নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। তিনি ওই মদের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন।
রাব্বির পরিবারের বরাতে পুলিশ জানায়, জাহিদ সরকার বিভিন্ন সময় ওই দোকান থেকে টাকা দিয়ে আবার কখনও বিনামূল্যে মদ নিতেন। শনিবার সকালে তিনি রাব্বির কাছে বিনামূল্যে ১০ লিটার মদ চান। রাব্বি দিতে রাজি না হওয়ায় জাহিদ চলে যান।
পরে দুপুর ১২টার দিকে জাহিদসহ কয়েকজন দোকানে গিয়ে কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন দেন বলে অভিযোগ ওঠেছে। এতে কাউন্টারের ভেতরে থাকা রাব্বি দগ্ধ হন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
রাব্বির স্ত্রী মিতা আক্তার বলেন, তার স্বামী ১২ বছর ধরে ওই দোকানে কাজ করছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি এ আর এম আল মামুন বলেন, বিনামূল্যে ১০ লিটার মদ দিতে রাজি না হওয়ায় পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
