জার্মানিতে ভবনে আগুনে ৩ ভারতীয় নিহত, প্রতিবেশী গ্রেপ্তার
তদন্তকারীদের ধারণা, কেউ আগুন লাগিয়ে থাকতে পারেন।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বোখুমের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
এ ঘটনায় নাশকতাকারী সন্দেহে ওই ভবনেরই এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ৪১ বছর বয়সি ব্যক্তি রোমানিয়ার নাগরিক।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি লিখেছে, মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেডে এলাকার একটি আবাসিক ভবনে আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তিন ভারতীয়র মরদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সি দুই তরুণী এবং ২৬ বছর বয়সি এক তরুণ রয়েছেন।
অগ্নিকাণ্ডের সময় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ভবনের আরও পাঁচ বাসিন্দা। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্তকারীরা আগুন লাগার পেছনে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করেছেন। তাদের ধারণা, কেউ আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল, নাকি দুর্ঘটনাবশত লেগেছিল, তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত ভবনের প্রধান সিঁড়ি বেয়ে উপরের দিকে ছড়িয়ে পড়েছিল। ফলে সিঁড়িপথ দিয়ে উপরের তলার ফ্ল্যাটগুলোতে ঢোকা কঠিন হয়ে পড়ায় বাসিন্দাদের উদ্ধারে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হয়।
