২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হয়ে গেল আন্তঃমেডিকেল কলেজ ফুটবল খেলার ফাইনাল

নির্ধারিত ও অতিরিক্ত সময়েও খেলাটি গোলশূন্য অমীমাংসিত থাকে।

কিশোরগঞ্জে হয়ে গেল আন্তঃমেডিকেল কলেজ ফুটবল খেলার ফাইনাল

ময়মনসিংহ কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ শিরোপা জেতে

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 12:20 AM

Updated : 05 Nov 2022, 08:21 PM

কিশোরগঞ্জের বাজিতপুরে ডি-রাইজ আন্তঃমেডিকেল কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে ময়মনসিংহ কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া টিএম মহিলা সবুজ সংঘ মেডিকেল কলেজকে হারিয়ে শিরোপা জেতে।

এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে খেলার ভাগ্য নির্ধারণ হয়।

মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় দর্শক খেলা উপভোগ করেন।

প্রতিযোগিতায় বগুড়া টিএম মহিলা সবুজ সংঘ মেডিকেল কলেজের মারুফ সেরা খেলোয়াড় এবং ছয়টি গোল করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রশান্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।

গত ২৭ অক্টোবর ১৯টি মেডিকেল কলেজের অংশগ্রহণে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।    

শিরোপা নির্ধারণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া।

তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে শিরোপা ও মেডেল তুলে দেন।