ভোলায় সড়কে গেল চিকিৎসকের প্রাণ
স্বজনরা জানান, ওই চিকিৎসক তার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।
ভোলার লালমোহনে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।
৩০ বছর বয়সি নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক চিকিৎসক ছিলেন। তিনি বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল দে’র ছেলে।
নিহতের স্বজনরা জানান, হিল্লোল কুঞ্জেরহাট এলাকায় তার বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফরাজি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে হিল্লোল দে’র মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে চিকিৎসক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ মাইক্রোবাসটি জব্দ করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি মাহবুবুর রহমান।
