বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে গাড়ি ‘লাপাত্তা’
করোলা মডেলের গ ১৭-৬০৬৭ নম্বরধারী গাড়িটি ‘চুরি হয়েছে’ বলে ধারণা মালিকের।
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে প্রাইভেট কার ‘চুরি গেছে’ বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে পৌর শহরের সোনাতলা এলাকার বাড়ি থেকে গাড়িটি উধাও হয় বলে সদর থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, ফরিদ উদ্দীন আহমেদের মালিকানাধীন ২০০৩ সালের করোলা মডেলের (গ ১৭-৬০৬৭) প্রাইভেট কারটি তার বাড়ির সামনে থেকে চুরি হয়েছে।
“রাতে গাড়ি চুরির ঘটনা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ওয়্যারলেস মেসেজে সব চেকপোস্টকে জানানো হয়। গাড়িটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তার বড় ছেলে চয়ন এই গাড়িটি ঢাকাতে ব্যবহার করে। শুক্রবার সন্ধ্যায় পরিবার নিয়ে গাড়িতে বাগেরহাটের বাড়িতে আসে চয়ন।
তিনি বলেন, “রাতে গাড়িটি বাড়ির সামনে পার্কিং করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে আমার স্ত্রী ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখে গাড়িটি নেই।
“শুক্রবার রাত ২টা থেকে ৩টার মধ্যে গাড়িটি চুরি করে নিয়েছে বলে ধারণা করছি। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি চুরির যাওয়ার বিষয়টি পুলিশকে জানাই।”
