গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ১২২ জন
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ ডেঙ্গু রোগী।
গাজীপুরে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন রোগী।
শনিবার সকাল ১০টা পর্যন্ত এ জেলার দুটি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।
এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে বেশ কিছু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, এ হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি মাসে এ হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন; তাদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ জন ডেঙ্গু রোগী। চলতি মাসে এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন; তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয় বলেছে, চলতি বছর এ জেলায় চার শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
এদিকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩ জন ডেঙ্গু রোগী।
সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, “হঠাৎ করেই মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে।
“আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছি।”
গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, “মহানগরকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এ ছাড়া মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।”
অনেক বাসিন্দাদের সতর্ক করে নোটিশ দেওয়া হচ্ছে; এরপরও যারা সতর্ক হবেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা ভাবছে সিটি করপোরেশন।
