আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার কথা বললেন জামালপুরের ডিসি
ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
উন্নয়নের ধারা ‘অব্যাহত রাখতে’ আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে বললেন জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ।
সোমবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজমও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ওই অনুষ্ঠানে ডিসি ইমরান আহমেদের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
“যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে, সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে; এটা হবে আমাদের অঙ্গীকার।”
এ ব্যাপারে কথা বলতে ডিসি ইমরান আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
