২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উলফা নেতা রঞ্জন ও প্রদীপ মারাক আরও ১০ বছর দণ্ডিত

ছয় বছর আগে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলার রায় হয়; তখন এ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারা কিশোরগঞ্জের কারাগারে আছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 12:32 AM

Updated : 01 Sep 2022, 12:32 AM

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার দুই নেতার বিস্ফোরক আইনের মামলায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে; যারা অন্য মামলায় যাবজ্জীবন কারাভোগ করছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন বুধবার দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ঘোষিত রায়ে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও দিতে হবেম যা অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এরা হলেন ভারতে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায় (৫৯) ও তার সহযোগী প্রদীপ মারাক (৬৯)।

ছয় বছর আগে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় এ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারা কিশোরগঞ্জের কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পিপি আবু সাঈদ ইমামের দেওয়া তথ্য ও মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৭ জুলাই ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুরে রঞ্জন ও প্রদীপ মারাককে আটক করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, হাত বোমা তৈরির উপকরণসহ ৪টি বোমা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. করিমুল্লাহ বাদী হয়ে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে ৪টি মামলা দায়ের করেন।

২০১১ সালের ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত ৩টি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০১৫ সালের ৮ এপ্রিল কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনের দুটি মামলায় মেজর রঞ্জন চৌধুরী উরফে প্রদীপ রায়ের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়।

অন্যদিকে প্রদীপ মারাককে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং অস্ত্র আইনের মামলায় বেকসুর খালাস দেয় ট্রাইব্যুনাল।

পিপি আবু সাঈদ ইমাম জানান, রঞ্জন আসামের ধুবড়ি জেলার গৌরীপুর থানার মধু শোলমারি গ্রামের প্রয়াত মধুসুধন রায়ের ছেলে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনির বাসিন্দা মনিন্দ্র হাগিদ-এর মেয়ে রাবিত্র ভ্রমকে বিয়ে করে তিনি গোপনে বাংলাদেশে অবস্থান করছিলেন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের আরত সাংমার ছেলে প্রদীপ মারাক তার সহযোগী হিসেবে কাজ করছিলেন।