Published : 20 Sep 2026, 06:13 PM
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলার সীতার ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাপ্তাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নদীতে পড়ে যাওয়ার জায়গা থেকে প্রায় ৪০ ফিট দূরে তাকে পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মারা যাওয়া সাজিদ শাহারিয়ার সানম (২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা নয়জনের একটি দল সকালে সীতার পাহাড়ে ওঠেছিলেন। পাহাড় ভ্রমণ শেষে রোববার দুপুর দেড়টার দিকে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামলে মুহূর্তের মধ্যে সানম স্রোতে তলিয়ে যান। স্থানীয়ভাবে চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে সানমের নদীতে তলিয়ে যাবার ঘটনা জানার পর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, ঘুরতে আসাদের মধ্যে সানাম একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যরা তার স্কুল জীবন ও এলাকার বন্ধু-বান্ধব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীর মরদেহটি হাসপাতালে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।