গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ
প্রায় চার বছর আগে মহসীনের সঙ্গে শেফালীর বিয়ে হয়।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর এক যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সাদুল্লাপুর থানার ওসি মাহাবুর রহমান জানান।
নিহত শেফালী খাতুন (২২) গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার মহসীন আলীর স্ত্রী। মহসীন আলী (২৭) গ্রামের নুরু মিয়ার ছেলে।
ওসি মাহাবুর রহমান বলেন, “শনিবার বিকাল পৌনে ৬টার দিকে মহসীন থানায় আমার কার্যালয়ে এসে জানান তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। মরদেহ ঘরে রেখে থানায় এসেছেন। মহসীন আলী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, প্রায় চার বছর আগে মহসীনের সঙ্গে শেফালীর বিয়ে হয়। কিন্তু এত দিনেও মহসীন বাবা হতে না পারায় শেফালীর প্রতি ক্ষুদ্ধ ছিলেন। এ ছাড়া বিয়ের পর থেকেই মহসীন ছিলেন বেকার।
ফলে সংসারে ছিল অস্বচ্ছলতা। এসব কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ লেগেই থাকতো।
ঘটনার দিন বিকালে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মহসীন আলী স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
