বিজয় দিবসে পিরোজপুরের ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান বীর মুক্তিযোদ্ধাদের।
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক।
মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার ঘড়াই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবী।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। একটি মহল বর্তমানে মুক্তিযুদ্ধে ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই এখন আবার স্বাধীনতাবিরোধী কাজে লিপ্ত হচ্ছে।
মুক্তিযোদ্ধারা দেশ ও দেশের মানুষকে রক্ষায় স্বাধীনতার স্বপক্ষের সব শক্তিকে একসঙ্গে কাজ করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পৌর মেয়র মো. হাবিবুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”
“এর আগে অনেক অবহেলিত ছিল মুক্তিযোদ্ধারা। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির এই বীর সন্তানদের পাশে সব সময়ই আছে।”
তিনি আরও বলেন, “আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। যাতে এই ইতিহাস নষ্ট হয়ে না যায়।”
অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
