২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাইক্রোবাস উল্টে প্রাণ গেল যাত্রীর

ঘটনার পর পরই গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায় মাইক্রোবাসটির চালক।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 12:15 PM

Updated : 22 Jun 2023, 12:15 PM

মাদারীপুরের ডাসারে মাইক্রোবাসের চাকা ফেটে উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক। 

নিহত জগৎ মৃধা (৩৫) বাগেরহাট জেলার মোল্লারহাট থানার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে।

আহতরা হলেন, নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউল হক (৪০), ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর এলাকার বাবুল আহমেদের ছেলে রিয়াদ হোসেন (২৬), একই এলাকার হীরা খানের ছেলে পারভেজ খান (৪৫) এবং মোনতাজুল হকের ছেলে আমির হক (৪০) ও চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার আব্দুল গফুরের ছেলে কবির হোসেন (৩৮)। তারা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

ওসি আবু নাঈম জানান, বুধবার রাতে জগৎ মৃধাসহ কয়েকজন যাত্রী মাইক্রোবাসে বরিশাল থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থপাড়া এলাকায় আসলে হঠাৎ করে গাড়িটির চাকা ফেটে যায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারলে মাইক্রোবাসটি রাস্তার উপর উল্টে যায় এবং যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনার পর পরই চালক গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জগৎ মৃধাকে মৃত ঘোষণা করেন। 

ওসি নাঈম আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইন প্রক্রিয়া চলমান আছে।