২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ট্রাকের চাকা ফেটে ইজিবাইককে চাপা, নিহত বেড়ে ৪

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 05:42 PM

Updated : 28 Sep 2026, 05:42 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি ট্রাকের চাকা ফেটে ইজিবাইককে চাপা দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছে; এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার সকাল ৮টার দিকে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে উপজেলার ঘুন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ফাতুল ইসলাম (৩৫) ও মোস্তাকিম হোসেন (১৮) এবং ইসলামপুর এলাকার নুর আমীন (৩০)।

এ ছাড়া আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে আনোয়ার হোসেন (১৬)। সে বুড়িমারী আমানতুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- ঘুন্টিবাজারের জফর উদ্দিন (৬০) ও বাদশা মিয়া (৫৫), উফারমারা এলাকার দোকানদার মিশন ইসলাম (২০) ও সাইফুল ইসলাম (৩২), ইসলামপুরের আইনুল হক (৬৫) এবং বুড়িমারীর দিপু ইসলাম (৩০)।

তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, সকালে লালমনিরহাট থেকে ১০ চাকার একটি খালি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটির বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশের দোকানে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গুরুতর অবস্থায় রংপুরে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কালুয়া মিয়া ও আলমগীর হোসেনসহ তিন ব্যবসায়ীর মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে; তাদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত