Published : 18 Sep 2026, 06:30 PM
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডাম্পট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান।
নিহতদের মধ্যে শামীম মিয়া (৪৫) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া আহতদের নাম-পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।
ওসি শাহাবুর রহমান বলেন, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের পাশে উল্টে যায়।
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শাহাবুর রহমান।