Published : 02 Sep 2022, 07:08 PM
খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যার পর গুইমারা ও রামগড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল হামলাকারী।
তবে এ দুই অগ্নিসংযোগের ঘটনায় ইউপিডিএফ জড়িত নয় বলে সংগঠনের পক্ষে দাবি করা হয়।
শুক্রবার দুপুরে গুইমারার বাইল্যাছড়ি জোড়া ব্রিজের উপর এবং ঢাকা-খাগড়াছড়ি সড়কে রামগড়ের দাতারামপাড়া রাস্তার মাথায় দুটি ট্রাকে আগুন দেওয়া হয়।
সেনাবাহিনী, পুলিশসহ মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট জোড়া ব্রিজের উপরের ট্রাকের আগুন নেভায়।
গুইমারা থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, “কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। ধারণা করছি ইউপিডিএফ নেতা অংথোয়াই মারমা নিহত হওয়ার ঘটনায় তাদের নেতাকর্মীরা আগুন দিতে পারে।”
তবে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

তিনি বলেন, অংথোয়াই মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শান্তিপূর্ণ অবরোধকে প্রশ্নবিদ্ধ করতে তৃতীয় কোনো পক্ষ আগুন দিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে।”
শুক্রবার সকাল খাগড়াছড়ির গুইমারায় দুবৃর্ত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোয়াই মারমা ওরফে আগুন (৫২) মারা গেছেন।
আরও পড়ুন: