ঝিনাইদহে হামলায় যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন
ওসি বলেন, যুবলীগের রাজনের নেতৃত্বে লিটনের ওপর হামলা হয় বলে তিনি জেনেছেন।
ঝিনাইদহ সদর উপজেলায় হামলায় এক যুবদল নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত লিট্ন হোসেন ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানান জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক।
তিনি অভিযোগ করে বলেন, “লিটন তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে আসছিলেন। কাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে এলে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।”
জেলা যুবদলের সভাপতি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়।
ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, যুবলীগের রাজনের নেতৃত্বে লিটনের ওপর হামলা হয় বলে তিনি জেনেছেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে যুবদলের পক্ষ থেকে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলকারীরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
