২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর সদরে নৌকার পক্ষে প্রচারে সাকিব আল হাসান

“প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে এ জেলার মানুষ তার প্রতিদান ভোটের মাধ্যমেই দেবেন।”

ফরিদপুর সদরে নৌকার পক্ষে প্রচারে সাকিব আল হাসান

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামিম হককে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন সাকিব আল হাসান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 04:06 PM

Updated : 03 Jan 2024, 07:52 PM

ফরিদপুর-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শেখ রাসেল ক্রীড়া চক্রে এসে পৌঁছান তিনি। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন সাকিব।  

এ সময় কালো রঙের ছাদ খোলা জিপে আওয়ামী লীগ প্রার্থী শামিম হককে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

এ সময় উৎসুক জনতা প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এলে তাদের সঙ্গে ছবি তোলেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন। 

এদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শামিম হকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন। 

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হয়েছেন সাকিব আল হাসান। 

ফরিদপুর-৩ আসনে প্রচারের সময় সাকিব আল হাসান বলেন, “গোটা বাংলাদেশে এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ, আমার ধারণা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

“ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আমি এসেছিলাম, আজও শামিম ভাইয়ের নির্বাচনি প্রচারে এসেছি, ভালো একটি প্রচারকাজ হবে।” 

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাতে এ জেলার মানুষ তার প্রতিদান ভোটের মাধ্যমেই দেবে।” 

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হওয়া সাকিব আল হাসান বলেন, “বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেভাবে চলছে তাতে ভোটাররা তার প্রতিদান দেবেন। 

“আমি আশা করছি, ফরিদপুরে চারটি আসনেই বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন।”