২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা টাউন হাইস্কুল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

“দুই-চারজন নয় সেদিন চারশর বেশি নিরস্ত্র শরণার্থী পাক হায়েনাদের হাতে নৃশংস হত্যার শিকার হন।”

সাতক্ষীরা টাউন হাইস্কুল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

টাউন হাইস্কুল বধ্যভূমিতে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 04:31 PM

Updated : 21 Apr 2024, 04:31 PM

সাতক্ষীরা টাউন হাইস্কুল গণহত্যা দিবসে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।   

রোববার টাউন হাইস্কুল বধ্যভূমিতে শহীদদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলন, শিল্পায়ন সঙ্গীত একাডেমি ও প্রাণকেন্দ্র সাতক্ষীরার আয়োজিত কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। 

প্রথমবারের মতো বধ্যভূমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শপথ বাক্য পাঠ, গণভোজ (খিচুড়ি বিতরণ) ও শ্রদ্ধা নিবেদনসহ ভোর থেকে দিনব্যাপি এই আয়োজনে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে একুশে এপ্রিলের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

নবনির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। 

পরে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার বলেন, একাত্তরে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে সাধারণ মানুষ প্রাণ ভয়ে সব ছেড়ে পাড়ি জমাচ্ছিল ভারতে। সেসময়ে ২১ এপ্রিল সাতক্ষীরা সড়ক ধরে সীমান্তমুখী শরণার্থীরা একটু জিরোতে আশ্রয় নিয়েছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তখনকার টাউন হাইস্কুলে। 

“কিন্তু দীর্ঘ পথ হেঁটে আসা ক্লান্ত মানুষগুলোর ওপর নির্মমভাবে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। দুই-চারজন নয় সেদিন চারশর বেশি নিরস্ত্র শরণার্থী পাক হায়েনাদের হাতে নৃশংস হত্যার শিকার হন।” 

“কিন্তু সেই স্মৃতি আজ বিস্মৃত হতে চলেছে। পাকিস্তানিদের প্রেতাত্মারা এখনও ভর করে বলেই সাতক্ষীরায় নির্মাণ হয় না শহীদ স্মৃতিসৌধ। বধ্যভূমির মূল জমিটাও ইতিমধ্যে হাতছাড়া হয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে। ” 

শহীদ পরিবারের সদস্য ও একাত্তরের বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, টাউন হাইস্কুলের গণহত্যার এই ভূমিকে রক্ষায় সরকারি দলের জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ কখনও দেখা যায়নি। 

“এ অবস্থায় জোর দাবি জানাই বধ্যভূমির স্মৃতি সংরক্ষণে দ্রুতই কার্যকরী উদ্যোগ নেওয়া হোক, একই সাথে জেলায় শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। সাতক্ষীরাবাসীর এই প্রাণের দাবি পূরণে উদ্যোগ সরকারকেই নিতে হবে।” 

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পেরোলেও বাংলাদেশের একমাত্র জেলা সাতক্ষীরা জেলা সদরে নেই কোনো স্মৃতিসৌধ। তেমনি হবে হবে করেও সাতক্ষীরার এতো বড় গণহত্যার স্থানটিকে সংরক্ষণ করা হয়নি। এটি জাতির জন্য লজ্জার।” 

অনুষ্ঠানে আরও আলোচনা করেন- আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, নাগরিক নেতা মাধব দত্ত, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, উদীচীর জেলা সম্পাদক সুরেশ পান্ডে, সামাজিক আন্দোলনের সহসভাপতি প্রভাষক হেদায়েতুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা প্রভাষক শুভাশীষ পাল, প্রভাষক এম সুশান্ত, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, শিল্পায়ন সঙ্গীত একাডেমির পরিচালক জাকির হোসেন, শ্রমিক নেতা ডা. আলী হোসেন, কবি মনিরুজ্জামান মুন্না, মিল্টন খান চৌধুরী, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন, সাংবাদিক ইমরান হোসেন, হৃদয় মণ্ডল, সমাপ্তী গাইন, সুমিত ঘোষ, সুদীপ্ত দেবনাথ, প্রসেনজিত দাস মঙ্গল প্রমুখ। 

দেশাত্মবোধক ও সংগ্রামী সঙ্গীত পরিবেশন করে সুমনা, সেজুতি, রিমি, ঝিলিক, নন্দিনী, আসাদ, তৌফিক, সবুজ, তীর্যক ও জাকির হোসেন।