রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুইটি মারা যায় বলে চিকিৎসক জানান।
রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাধবলক্ষীকোল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ।
নিহত সোয়াইফ (৬) ওই ইউনিয়নের রোঘনাথপুর গ্রামের মাসুদের ছেলে ও তাইবা (৬) মাধবলক্ষীকোল গ্রামের রুবেল শেখের মেয়ে। সম্পর্কে এরা মামাতো-ফুফাতো ভাই-বোন।
ওই দুই শিশুর স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, “সোয়াইফ ও তাইবা দুপুরে আঙ্গিনায় খেলছিল। এক পর্যায়ে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা খোঁজতে গিয়ে শিশু দুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুইটি মারা যায়।”
