২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৫ মাস পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন

বিস্ফোরকের অভাবে এতদিন উৎপাদন বন্ধ ছিল।

সাড়ে ৫ মাস পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 08:00 PM

Updated : 13 Oct 2022, 08:00 PM

বিস্ফোরকের অভাবে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পুনরায় উত্তোলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে পাথর উত্তোলন শুরু হয় বলে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক মীর পিনাক ইকবাল জানান।

অ্যামোনিয়াম নাইট্রেডসহ বেশ কিছু বিস্ফোরক সংকটের কারণে চলতি বছরের মে মাসের শুরু থেকেই খনির পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে কর্তৃপক্ষ বিস্ফোরক সংগ্রহ করতে পারেনি।

মহাব্যবস্থাপক মীর পিনাক ইকবাল বলেন, বুধবার ১০০ টন বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে এবং এ মাসেই আরও ২৭০ টন বিস্ফোরক পাওয়া যাবে। ফলে এখন থেকে পাথর উত্তোলন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিন শিফটে আগের মতই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন হবে বলে খনি কর্তৃপক্ষ আশা করছে।                           

খনি থেকে পাথর উত্তোলন করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, পাথর উত্তোলনের জন্য যাবতীয় যন্ত্রপাতি ও বিস্ফোরকের যোগান দেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি কর্তৃপক্ষ।