কুমার নদে নৌকা বাইচ দেখতে মানুষের ঢল
অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের মেয়ে-জামাইরা শ্বশুরবাড়ি আসেন এবং পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।
কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাজারো মানুষের ঢল নেমেছে।
বুধবার সকালে উপজেলার তেলজুড়ী এলাকায় নদের পাড়ে এই মেলা ও নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রতি বছর ৯ আশ্বিন এ আসর বসে।
শুধু স্থানীয় বাসিন্দারাই নন, নৌকা বাইচ ও মেলায় হরেক রকম জিনিস কিনতে আশপাশের এলাকা থেকেও হাজারো নারী-পুরুষ ছুটে আসেন তেলজুড়ী বাজারে।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই গ্রামের মেয়ে-জামাইরা শ্বশুরবাড়ি আসেন এবং পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।
নৌকা বাইচ ও মেলায় ঘুরতে আসা গৃহবধূ নাজমা আক্তার বলেন, “প্রতি বছর এই দিনের জন্য অপেক্ষায় থাকি বাবার বাড়ি আসার জন্য। স্বামী, সন্তানকে সঙ্গে নিয়ে এসেছি নৌকা বাইচ দেখতে। খুব ভালো লেগেছে। মেলায় ঘুরেছি, অনেক কিছু কিনেছি।”
মেলায় মিষ্টির দোকান নিয়ে বসেছেন অনিল সাহা। তিনি বলেন, “নৌকা বাইচ ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছর অপেক্ষা করি। মেলায় দোকান দিয়েছি। দোকানে রসগোল্লা, অমৃতি, দানাদারসহ বিভিন্ন মিষ্টি সামগ্রী রেখেছি। বেচাকেনা খুব ভালো হচ্ছে।”
নৌকা বাইচ ও মেলা আয়োজক কমিটির সভাপতি এ এফ এম লিটু সিকদার বলেন, শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে এই নৌকা বাইচ ও গ্রামীণ মেলা। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
এবার ১২৩তম নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
