বাসায় বউভাতের আয়োজন, সড়কে বরের মৃত্যু
অংশু বিয়ে করেন শুক্রবার। বাসভবনে বৌভাতের আয়োজন চলছিল। কিছু জিনিসপত্র ও নিজের স্যুট আনতে কেরানীগঞ্জের বাসা থেকে আসেন ঢাকার এলিফ্যান্ট রোডে। ফেরার পথে মৃত্যু হয় তার।
বিয়ের আনন্দ আয়োজনে হঠাৎ শোকের ছায়া। হাসি মুছে গিয়ে উঠল কান্নার রোল। বিয়ের পরদিন বউভাতের আয়োজন চলার সময় সড়কে মারা গেলেন বর।
তার নাম অর্কপ্রিয় হোসেন উরফে অংশু। তিনি পেশায় ছিলেন স্থপতি।
শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর কাঁচা এলাকার আব্দুল্লাহপুর-রামেরকান্দা বাঘাসুর খান বাড়ি সড়কে এই ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী অংশু উপজেলার মডেল থানাধীন নাসিম হোসেনের ছেলে ও প্রয়াত ভাষা সৈনিক ইমদাদ হোসেনের নাতি।
স্বজনরা জানান, অংশু মোটর সাইকেলে ছিলেন। বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সেখানে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অংশু বিয়ে করেছিলেন একই এলাকার প্রবাসী আরিফ হোসেনের মেয়ে আফরিন আক্তারকে।
অংশুর ফুপাত ভাই রকিব হোসেন বলেন, “অংশু বিয়ে করেন শুক্রবার। আজ তাঁর বাসভবনে বৌভাতের আয়োজন চলছিল। এ অনুষ্ঠানের কিছু জিনিসপত্র ও নিজের স্যুট আনার জন্য দুপুরে সে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডের উদ্দেশে রওনা দেয়।
“ফেরার পথে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
“সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেই।”
অংশুমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
