১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

নেত্রকোণা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 03:58 PM

Updated : 19 Dec 2023, 04:04 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

উপজেলার মাসকা বাজারে সোমবার রাত ৮টার দিকে এই সংঘর্ষ হয় বলে কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি এনামুল বলেন, “নেত্রকোণা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধর এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়।”

“এতে উভয় পক্ষের ১২ জন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “এখনও কোনো পক্ষ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”