২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ডেঙ্গুতে নারীসহ চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 03:56 PM

Updated : 08 Oct 2023, 03:56 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৭ জনে।

রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- পটুয়াখালী সদরের বাসিন্দা সৈকত (২৯), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৩৮), বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা নিতাই (৭৫)এবং  পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মো. ইয়াসিন (৭৫)।

শ্যামল কৃষ্ণ বলেন, এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন।