১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে ২০০২ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট ফাউন্ডেশনে ‘নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার’ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 06:10 PM

Updated : 14 Feb 2023, 06:10 PM

‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে।

এ উপরক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগেরহাট ফাউন্ডেশনে ‘নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার’ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা হয়; একই সময়ে বাগেরহাট প্রেসক্লাব ও বেসরকারী সংগঠন সেইভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে দিবসটি উদযাপন করে।

নিমার্ণের নির্বাহী পরিচালক রিজিয়া পারভীনের সভাপতিত্বে সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক আহাদ উদ্দীন হায়দার ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন আলোচনাসভায় ব্ক্তব্য দেন।

বক্তারা জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া উপকূলীয় মানুষের দীর্ঘদিনের দাবি ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা দেওয়ারও তাগিদ দেন তারা।

বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোর স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ২০০২ সাল থেকে এ দিবসটি পালন করে আসছে।

২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও দেশের প্রায় অর্ধশতাধিক সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলনের আয়োজন করে।

সেই সম্মেলন থেকেই প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা আসে।